বিচারের দাবি নাকি মধ্যযুগীয় বর্বরতা? প্রশ্নের মুখে গণরোষ

 


বিচারের দাবি নাকি মধ্যযুগীয় বর্বরতা? প্রশ্নের মুখে গণরোষ! পূর্বতন তৃণমূল সরকারের ছোট থেকে বড়; অনেক নেতা-মন্ত্রীরাই কয়লা কেলেঙ্কারি, গরু পাচার, মেডিকেল কিট দুর্নীতি থেকে শুরু করে মানুষের অঙ্গ-প্রত্যঙ্গ পাচারের মতো নানা অভিযোগ ও দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। এই দুর্নীতির রাজত্বকে টিকিয়ে রাখতে গড়ে তোলা হয়েছিল এক ধরনের ‘থ্রেট কালচার’ বা ভয়ের সংস্কৃতি। ফলে সাধারণ মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে এই দুর্নীতি ও থ্রেট কালচারের বিরুদ্ধে ক্ষোভ রন্ধ্রে রন্ধ্রে পুঞ্জীভূত হয়েছিল। মানুষ এই পরিস্থিতির পরিবর্তন চেয়েছিল।

থ্রেট কালচার বা ভয়ের সংস্কৃতির পরিবর্তন। এই সংস্কৃতি শব্দটির আলাদা একটা গুরুত্ব আছে। এই সংস্কৃতি তৈরি করতে হলে শুধু ভয় দেখালেই হয় না। সঙ্গে ভয় দেখানোর মত একটি পরিকাঠামো গড়ে তুলতে হয়। এবং সংস্কৃতির বীজ বপন করতে হয়, লালন পালন করতে হয়, বড় করতে হয়। এখন প্রশ্ন হলো মানুষ যে পরিবর্তন আনলো তাতে কি এই সংস্কৃতির উৎখাত হয়েছে ? সরকার পরিবর্তনের পর পশ্চিমবঙ্গের রাজনীতিতে দেখা গেল একের পর এক বিতর্কিত ঘটনা। কোথাও তৃণমূলের নেতা-মন্ত্রীদের লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছে, কোথাও আবার কাউকে অর্ধনগ্ন অবস্থায় দড়ি দিয়ে বেঁধে রাস্তায় ঘোরানোর অভিযোগ উঠেছে। কিন্তু একটি গণতান্ত্রিক দেশে কোনো অন্যায়ের বিচার তো গণতান্ত্রিক পদ্ধতিতে রীতি-নীতি মেনেই হওয়া উচিত। তাহলে এমন দৃশ্য কেন দেখতে হচ্ছে? প্রশ্ন উঠছে, এই ঘটনাগুলি কি সত্যিই মানুষের স্বতঃস্ফূর্ত ক্ষোভের বহিঃপ্রকাশ ? নাকি এর পিছনে রয়েছে কোনো উদ্দেশ্যপ্রণোদিত রাজনৈতিক পরিকল্পনা ?

কোনো সংঘবদ্ধ শক্তি কি এই ঘটনাগুলিকে পরিচালনা করছে ? আবার নতুন সরকার যেভাবে একের পর এক বস্তি ও হকার উচ্ছেদ করছে, বিভিন্ন জনবিরোধী নীতি নিয়ে আসছে বলে অভিযোগ উঠছে, সেই সব বিষয় থেকে মানুষের দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার চেষ্টাও কি এর পিছনে কাজ করছে ? নাকি রাজ্যজুড়ে ভয়ের বাতাবরণ তৈরি করাই এর উদ্দেশ্য ? সমস্ত দূর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেসের নেতাদের শাস্তি পাওয়াই উচিত। কিন্তু সেটার মাধ্যমে যেন সাধারণ মানুষকে ভয় দেখানোর চেষ্টা না হয়, সেটা দেখাও নতুন সরকারের কাজ। তাই প্রশ্ন থেকেই যায়, এ কি শুধুই গণরোষ, নাকি এর আড়ালে লুকিয়ে রয়েছে কোনো সংঘবদ্ধ উদ্দেশ্য ও রাজনৈতিক কৌশল? এবং নতুন করে নতুন মোড়কে থ্রেট কালচারের বীজ বপন !!


নবীনতর পূর্বতন

نموذج الاتصال